নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪:৪১ পিএম

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তি ও তার সাত স্বজনকে নিয়ে মাইক্রোবাসটি আক্কেলপুর যাচ্ছিল। নয়মাইল এলাকায় মাইক্রোবাসটি ভুল করে বিপরীত লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও জুবায়েদুল ইসলাম নিহত হন।
দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত