সর্বশেষ
বিয়ে করতে চান না ষষ্ঠ শ্রেণির ছাত্রী, ইউএনওর কাছে এসে পেলেন পড়াশোনার দায়িত্ব নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত এশিয়ান গেমসে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল নেপাল প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব? যা করবেন ফিলিস্তিন-ইরান ইস্যুতে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ চান অ্যালবানিজ শর্টবোর্ড সার্ফিংয়ে হিটে তৃতীয় ফাতেমা কুমিল্লায় ৪৮ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩ প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ চান শামা ওবায়েদ

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩:০১ পিএম

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের কথা বলেন, সমাজের নানা সংকট, বাস্তবতা ও অসঙ্গতি তুলে ধরেন। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তারা পেশাগত দায়িত্ব পালন করে যান। সংকটে তাদের পাশে দাঁড়ানোও তাই সমাজের দায়িত্ব। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বাংলাদেশ সচিবালয় বিটের দুই অসুস্থ সাংবাদিকের চিকিৎসায় সহায়তা দিয়েছে এবিজি ফাউন্ডেশন। একই সঙ্গে প্রয়াত দুই সাংবাদিকের পরিবারের হাতেও সহায়তার চেক তুলে দেওয়া হয়।

রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে সকাল ১০টায় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর বার্ষিক সাধারণ সভায় এসব সহায়তা দেওয়া হয়। অসুস্থ ও প্রয়াত চার সাংবাদিকের পরিবারকে মোট ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়।

প্রয়াত সাংবাদিক দৈনিক ইনকিলাবের হারুন অর রশিদ তালুকদার ও দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে এবং অসুস্থ দৈনিক সংবাদের সাংবাদিক রাকিব উদ্দিন ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক আমানুর রহমানের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এ এন্ড এফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল; মোহাম্মদ হুসাইন আরজু, হেড অব ডিভিশন (আরঅ্যান্ডডি), এবিজি বসুন্ধরা এবং মো. সাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।

দৈনিক ইনকিলাবের প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার ছেলে মো. তৌহিদ হারুন। তিনি বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। অসুস্থ ছিলেন। আমাদের পাশে দাঁড়িয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব, তারা এভাবে সাংবাদিকদের পাশে থাকবেন।’

দৈনিক আমাদের সময়ের প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি বলেন, ‘আমার স্বামী কোভিডে মারা গেছেন। সেই সময়েও বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে আবার যখন আমাকে এই চেকটি দিলেন, এটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন ছিল। আমাদের জীবনটা এখন অন্ধকারাচ্ছন্ন। এই মুহূর্তে এটা আমাদের জন্য বিরাট পাওয়া।’

এদিকে দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার স্ত্রী নাসরিন জাহান। সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এবিজি গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমার অসুস্থ স্বামীকে সহযোগিতা করার জন্য।’

চিকিৎসা সহায়তা পেয়েছেন দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক আমানুর রহমানও। তার হাতে পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়। নিজের বক্তব্যে এবিজি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘আনভীর বসুন্ধরা ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আল্লাহ যেন তাদের এই প্রয়াস ও ডেডিকেশনকে কবুল করেন।’ অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিক পরিবারের পক্ষ থেকে এবিজি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও সাংবাদিকরা তাদের পাশে পাবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এবিজি গ্রুপের পক্ষ থেকে মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা স্বচ্ছ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। তাদের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখা হয়। কিন্তু সেই স্বপ্নের কথা লিখতে গিয়ে একজন সাংবাদিক যখন আর্থিক অনটনের মধ্যে থাকেন, তখন অনেক সময় তিনি মনের ভাব সম্পূর্ণভাবে তুলে ধরতে পারেন না। এ জন্য সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন।

তিনি বলেন, এবিজি গ্রুপ সবসময় সাংবাদিকদের পাশে আছে। একই সঙ্গে এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে সাংবাদিকদের ভালো ও দায়িত্বশীল কাজকে উৎসাহিত করতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের কথাও জানানো হয়। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনকে উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার দেওয়া হবে। প্রস্তাবিত এ মিডিয়া অ্যাওয়ার্ডের স্পন্সর হিসেবে থাকবে এবিজি ফাউন্ডেশন।

সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে এবিজি ফাউন্ডেশন। প্রতি শুক্রবার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আর্থিক অনটনে থাকা পরিবারকে সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি দিয়ে আসছে ফাউন্ডেশনটি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com