নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৫:১৭ পিএম

বগুড়ার শেরপুর থানার মূল ফটক বন্ধ রেখে থানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের ছেলের জন্মদিন পালনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অনেকটাই গোপন রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা গোপন থাকেনি। জন্মদিন পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।
জানা যায়, মঙ্গলবার রাতে ছেলের জন্মদিন উপলক্ষে থানার ভেতরে জমকালো আয়োজন করেন ওসি এস এম মঈনুদ্দীন। এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করতে পারেননি। ফলে সেবা না পেয়ে তাদের ফিরে যেতে হয়।
এ ছাড়া জন্মদিনের অনুষ্ঠান চলাকালে ওসির কক্ষে ফ্যান ও বাতি জ্বলতে দেখা যায়। পাশাপাশি থানার অন্যান্য কর্মকর্তারাও কার্যক্রম বন্ধ রেখে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে, থানার ভেতরে জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা স্বীকার করলেও সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল বলে দাবি করেছেন ওসি (তদন্ত) জয়নুল আবেদীন।
এ বিষয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিয়ার রহমান বলেন, সরকারি কাজে কোনো গাফিলতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। সেবা কার্যক্রম ব্যাহত হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত