ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | ৪:০০ পিএম

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।
আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাদের ২০২৬ সালের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সিদ্ধান্ত নিয়েছে করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি।
নোবেল পুরস্কারের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। বাকি পুরস্কারগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা পাবেন অর্থ, সনদ ও স্বর্ণপদক।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত