নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | ৩:৩৫ পিএম

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব পালনে গাফিলতি হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিমানমন্ত্রী।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর অনেকাংশে নির্ভর করে। এর সঙ্গে সরাসরি যাত্রীদের জীবন ও নিরাপত্তা জড়িত। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা মেনে নেওয়া হবে না।
মহড়ায় ব্যাংকক থেকে ঢাকায় আসা ৯৮ জন যাত্রী ও পাঁচজন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর অগ্নিকাণ্ডের কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। এ সময় জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের অনুশীলন চালানো হয়।
মহড়ায় বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা এবং যাত্রীদের নিরাপদে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করেন।
মহড়ায় সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও কার্যকর ভূমিকার প্রশংসা করে বিমানমন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত