নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৮:২৭ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার দায়ে ‘হেনা কনজ্যুমার প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের পেয়ারাতলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে মো. মাসুদ রানার মালিকানাধীন ‘হেনা কনজ্যুমার প্রোডাক্টস’-এ অবৈধভাবে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেল উৎপাদন এবং বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও জানান, এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ রানাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য বৈধ কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশনা দেওয়া হয়।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত