নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ১২:১৮ পিএম

নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্য; অভিযোগ পেয়ে অভিযুক্তের পরিবারের বাড়িতে তালা, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
স্ত্রীর স্বীকৃতির দাবিতে নড়াইলের লোহাগড়া উপজেলার এক যুবকের বাড়িতে বিষের বোতল হাতে অনশনে বসেছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে। অনশনরত তরুণীর দাবি, প্রেমিক সৈয়দ ফেরদৌস আলী (২১) তাকে বিয়ে করলেও এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না।
তরুণী একই উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। অভিযুক্ত ফেরদৌস জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
তরুণীর অভিযোগ, প্রায় এক বছর আগে ফেরদৌসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের পর কয়েকবার ফেরদৌস তাকে তার বোনের বাড়িতে নিয়ে গেলেও পরবর্তীতে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান।
তিনি দাবি করেন, স্বীকৃতি আদায়ের শেষ চেষ্টা হিসেবেই বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন। যদি স্ত্রী হিসেবে স্বীকৃতি না পান, তাহলে বিষপান করে আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে অনশনের খবর পেয়ে ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন বলে অভিযোগ করেন তরুণী।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফেরদৌস আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই বাড়িটি তালাবদ্ধ রয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত