নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৮:১৭ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, সাইবার প্রতারণা ও আর্থিক অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সঙ্গে এফবিআইয়ের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুয়া তথ্য প্রচার ও অনলাইন প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের কারিগরি ও তথ্যগত সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত