যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ৬:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে শনিবার ভোরে ৫০-৪৯ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়।

ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর ব্লাঞ্চ হলেন অ্যাটর্নি জেনারেল পদে সিনেটের অনুমোদন পাওয়া দ্বিতীয় ব্যক্তি। এর আগে ট্রাম্পের মনোনীত প্যাম বন্ডি এ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে সরিয়ে দেওয়া হলে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেন ব্লাঞ্চ।

সিনেটের অনুমোদনের ফলে এখন বিচার বিভাগের প্রধান হিসেবে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ব্লাঞ্চ। বিশেষ করে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্তসহ বিচার বিভাগের কার্যক্রমে তার ভূমিকা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তবে ব্লাঞ্চের নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ ও স্বাধীন প্রতিষ্ঠানের শীর্ষ পদে ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক আইনজীবীকে নিয়োগ দেওয়ায় ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান সিনেটরও আপত্তি জানান। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকাউস্কি প্রকাশ্যে তার বিরোধিতা করেন।

এদিকে মার্কিন কর বিভাগ (আইআরএস)–সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের একটি বিতর্কিত সমঝোতাও ব্লাঞ্চের নিয়োগকে কঠিন করে তোলে। চাপের মুখে তিনি লিখিতভাবে প্রতিশ্রুতি দেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অংশ নেওয়া ট্রাম্প-সমর্থকদের জন্য প্রস্তাবিত ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিল করবেন।

একই সঙ্গে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কর নিরীক্ষা থেকে সুরক্ষা দেওয়ার অভিযোগ ওঠা একটি চুক্তি বাতিলেরও আশ্বাস দেন তিনি। এসব প্রতিশ্রুতির পর প্রয়োজনীয় রিপাবলিকান সমর্থন পান ব্লাঞ্চ।

শেষ পর্যন্ত ৫০-৪৯ ভোটে সিনেটের অনুমোদন পেয়ে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পথ সুগম হলো টড ব্লাঞ্চের।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com