ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৫ এএম

ছবি: -সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ বন্ধের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ‘অন্তহীন যুদ্ধ’ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে। জবাবে পুতিন জানিয়েছেন, রাশিয়া সেদিকেই এগোচ্ছে।
সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। এ সময় ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’
মোদির বক্তব্যের জবাবে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধের অবসান হয়নি। বরং সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় সংঘাত আরও তীব্র হয়েছে।
এসসিওর গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বেলারুশ। সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সূত্র: দ্য হিন্দু



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত