ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৯ এএম

সংগৃহীত ছবি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির নেতারা।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়া হলে সমাধিস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। মিছিল নিয়ে তারা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি।
দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি এবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। দলটির ইতিহাসে এবারই প্রথম প্রধানমন্ত্রী পদে রয়েছেন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পরে তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাদের ছেলে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত