সর্বশেষ
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: সুড়ঙ্গের ‘এয়ার পকেটে’ ৯ দিন বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১৬ ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব আজ নেবেন খলিলুর রহমান ভ্রাতৃত্বের বন্ধন ভাঙতে চক্রান্ত চলছে: রিজভী রাত ১০টার পর ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন কারণ ইরানের ওপর অবরোধ, হরমুজে ৯৪ জাহাজের পথ বদলে দিল যুক্তরাষ্ট্র গোলকিপার হয়েও জোড়া গোল, ডাচ ফুটবলে নতুন ইতিহাস কোমান জুনিয়রের জার্মানিতে কট্টর ডানপন্থীদের জয়, ইউরোপে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ০-৫ থেকে ফিরে শিয়াওতেককে হারালেন ঝেং, কোয়ার্টারে রিবাকিনার সামনে

জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব আজ নেবেন খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫২ পিএম

জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব আজ নেবেন খলিলুর রহমান

ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধনের মধ্য দিয়ে এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি।

বাংলাদেশের কূটনীতির জন্য খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রায় চার দশক পর দ্বিতীয় কোনো বাংলাদেশি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় পদে বসতে যাচ্ছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টায় জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধন করবেন খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। এবারের অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

৮১তম অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

দায়িত্ব গ্রহণের আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের কার্যালয়ের পক্ষ থেকে তাকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। ১৯০ ভোটের মধ্যে তিনি পান ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি সংস্থার পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় এই অঞ্চল থেকেই নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার বড় সুযোগ তৈরি করবে। পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আরও জোরালো করার সুযোগও তৈরি হবে।

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় ৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবার সেই দায়িত্বে বসছেন খলিলুর রহমান।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com