ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৩ এএম

সংগৃহীত ছবি
সকালে ঘুম থেকে ওঠার পরও অনেকের শরীর ও মন থেকে আলস্য কাটতে চায় না। বিছানা ছাড়ার পরও ঘুম ঘুম ভাব থাকে, এমনকি কর্মস্থলে পৌঁছেও কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। চা-কফির ওপর পুরোপুরি নির্ভর না করে কয়েকটি সহজ অভ্যাসে এই ঝিমুনি অনেকটাই কমানো সম্ভব।
সকালে পানি পান করুন
ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি পান করার অভ্যাস শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। রাতে দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। তাই সকালটা এক গ্লাস পানি দিয়ে শুরু করা ভালো।
মধু-লেবুর পানীয়
হালকা গরম পানিতে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে পারেন। এটি শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করে এবং সকালে সতেজ অনুভূতি দিতে পারে।
চা-কফি পান করুন পরিমিত
সকালের ঘুম ঘুম ভাব কাটাতে চা বা কফি অনেকেরই পছন্দ। এতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে সাময়িকভাবে সজাগ রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত চিনি এড়িয়ে চলা ভালো। বেশি চিনি সাময়িক শক্তি দিলেও কিছুক্ষণ পর আবার ক্লান্তি দেখা দিতে পারে।
চোখেমুখে পানি দিন
ঘুম থেকে ওঠার পর চোখেমুখে পানি দিলে সতেজ অনুভূতি আসতে পারে। বিশেষ করে ঠান্ডা পানির ঝাপটা ঘুমঘুম ভাব কাটাতে অনেকের ক্ষেত্রে কার্যকর।
কিছুক্ষণ হাঁটুন
একটানা বসে থাকলে ঝিমুনি আরও বাড়তে পারে। তাই পাঁচ থেকে ১০ মিনিট হাঁটাহাঁটি করুন। হালকা শারীরিক নড়াচড়া শরীরকে সক্রিয় করতে এবং কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করে।
কারও সঙ্গে কথা বলুন
কাজের মাঝে ঘুম ঘুম ভাব এলে সহকর্মী বা সঙ্গীর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারেন। এতে একঘেয়েমি কাটবে এবং মনোযোগও ফিরে আসতে পারে।
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
তবে প্রতিদিন সকালে অতিরিক্ত ঘুম ঘুম ভাব হলে শুধু এসব টিপসের ওপর নির্ভর না করে রাতে পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না, সেটিও খেয়াল করা জরুরি। নিয়মিত ও পর্যাপ্ত ঘুমই দিনের শুরুতে সতেজ থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত