ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | ১২:০৪ পিএম

সংগৃহীত ছবি
ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব হিসেবে বেনি রে হারমনিকে নিয়োগ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে তিনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান হারমনি। ট্রাম্প প্রশাসনে যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হয়ে হোয়াইট হাউসের সংবাদ করার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের ছিল।
তবে হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে বিতর্কে জড়িয়েছিলেন হারমনি। দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে চাকরি থেকে পদত্যাগ করেন হারমনি।
ওই ঘটনার কিছুদিন পরই ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সাবেক এই সাংবাদিক।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর জুলাইয়ে কাজে ফিরেছিলেন তিনি। তবে কাজে ফেরার এক মাসের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগের কারণ হিসেবে মাতৃত্বের সঙ্গে কাজের চাপ সামলানোর বিষয়টি তুলে ধরেছিলেন লেভিট। তিনি জানিয়েছিলেন, দ্বিতীয়বার মা হওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল।
লেভিটের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত খুঁজতে শুরু করে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত হোয়াইট হাউসের নতুন দায়িত্বের জন্য বেছে নেওয়া হলো ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর সাবেক হোয়াইট হাউস সংবাদদাতা বেনি রে হারমনিকে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত