ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | ১১:০৯ এএম

সংগৃহীত ছবি
পাকিস্তানের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হাসান খান এবার ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে। চোটের কারণে পেসার আলী খান ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়াকে নিয়ে চলমান এই সিরিজেই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে হাসানের। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের সামনে অবশেষে সেই সুযোগ তৈরি হয়েছে।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন হাসান। ওই দলে ছিলেন পরবর্তীতে পাকিস্তানের জাতীয় দলে খেলা শাহীন শাহ আফ্রিদি ও মুসা খানও। তবে সতীর্থদের মতো পাকিস্তানের জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি।
জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হাসান। সেখানে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অলরাউন্ডার। ২০২৪ সালে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে দারুণ পারফরম্যান্স করে জেতেন ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার।
এরপর বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার সুযোগ পান হাসান। বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৬ সালে পাকিস্তান সুপার লিগেও ফেরেন তিনি, খেলেন হায়দরাবাদ কিংসমেনের হয়ে।
এবার সেই অভিজ্ঞতাই তাকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে। আলী খানের চোট হাসানের জন্য তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ। মজার বিষয় হলো, আলী খানও পাকিস্তানি বংশোদ্ভূত।
দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা তৈরি হওয়ায় হাসানের ক্যারিয়ারে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত