ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | ১০:৩০ এএম

সংগৃহীত ছবি
পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, উন্নত পাঠদানের পরিবেশ ও বিদ্যালয় ভবন সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন আড়াই লাখের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। মঙ্গলবারের অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও প্যারিসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্যারিসে ৫৬ হাজার এবং দেশটির অন্যান্য শহরে প্রায় দুই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে আয়োজকদের দাবি, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন সাড়ে চার লাখ মানুষ।
সরকারি হিসাবে, মঙ্গলবারের বিক্ষোভ ঘিরে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩ পুলিশ সদস্য আহত হন।
দুই সপ্তাহেরও বেশি আগে প্যারিসের উত্তরাঞ্চলের একটি শহরতলি থেকে এই আন্দোলনের সূচনা হয়। পরে তা ধীরে ধীরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর হিসাবে, আন্দোলন চলাকালে অন্তত ২১৫ কিশোর-কিশোরী এবং বিদ্যালয়ের ৮৫ কর্মী আহত হয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এ সময়ে আহত পুলিশ সদস্যের সংখ্যা ৭১৫।
শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, তরুণ বিক্ষোভকারীদের দমনে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করছে। তাদের দাবি, সংঘর্ষে এক কিশোরের হাত উড়ে গেছে এবং আরেকজন ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ দাবি করেছেন, পরিস্থিতি অনুযায়ীই প্রায় সব ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তার ভাষ্য, কিছু বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছিল। পুলিশের বলপ্রয়োগের অভিযোগ তদন্তে ১০টি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ২৪টি বিদ্যালয়ে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ হাজার ১০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় সবাই অপ্রাপ্তবয়স্ক।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার ৯০০টির বেশি উচ্চবিদ্যালয় অবরুদ্ধ বা বন্ধ ছিল। তবে শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, এ সংখ্যা ১ হাজার ৮০০।
চলমান পরিস্থিতি মোকাবিলায় অনুপস্থিত শিক্ষকদের বদলি নিশ্চিত করা, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যালয়ের সময়সূচি পর্যালোচনা এবং পুরোনো বিদ্যালয় ভবন সংস্কারের বিষয়ে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত