সর্বশেষ
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ মেক্সিকোর কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ১০ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বিশ্ব ডাক দিবস আজ ভারত মহাসাগরের নির্জন দ্বীপে ১ লাখ ৮০ হাজারের বেশি বিশালাকার কচ্ছপ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিপাকে ভারতের ৮ আইটি কোম্পানি, অনিশ্চয়তায় হাজারো কর্মীর গ্রিন কার্ড

মেক্সিকোর কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ১০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | ১২:০৮ পিএম

মেক্সিকোর কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ১০

সংগৃহীত ছবি

মেক্সিকোর সহিংসতাপ্রবণ সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন বন্দি ও একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ বন্দি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বন্দরনগরী মাজাতলানের এল কাস্তিয়ো কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে বন্দিদের সাক্ষাতের সময় এ সহিংসতার ঘটনা ঘটে।

সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেন, দাঙ্গায় নয়জন বন্দি ও কারাগারে দেখা করতে আসা এক অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৬ জন বন্দি।

তিনি জানান, দাঙ্গার কারণ অনুসন্ধানে সরকারি কৌঁসুলিরা তদন্ত করবেন। বর্তমানে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সময় বন্দিরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন। তবে কীভাবে হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য জানায়নি।

দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, নৌবাহিনী ও রাজ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাগারে প্রবেশ করেন।

মাদক কার্টেলের দ্বন্দ্বে অস্থির সিনালোয়া

ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে সহিংসতা বেড়েছে। এর পেছনে রয়েছে মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের দুই পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই।

এক পক্ষে রয়েছেন দণ্ডিত সাবেক মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের ছেলেরা, যারা ‘লস চাপিতোস’ নামে পরিচিত। অন্য পক্ষে রয়েছেন আটক আরেক সাবেক কার্টেল নেতা ইসমায়েল ‘এল মায়ো’ সাম্বাদার অনুসারীরা।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর যে ছয়টি অঙ্গরাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, সিনালোয়া তার একটি।

মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মেক্সিকো সরকারের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মধ্যেই বৃহস্পতিবার এ দাঙ্গার ঘটনা ঘটল।

এর আগে গত মে মাসেও সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের একটি কারাগারে দাঙ্গা হয়েছিল। ওই ঘটনায় সাত বন্দি নিহত এবং একজন আহত হন।

মেক্সিকোর কারাগারে বন্দি ২ লাখ ৬১ হাজারের বেশি

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোয় মোট ২৭৬টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৪টি কেন্দ্রীয় এবং ২৪৯টি রাজ্য পরিচালিত কারাগার। বাকি ১৩টি কারাগার কোন কর্তৃপক্ষ পরিচালনা করে, তা উল্লেখ করা হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির কারাগারগুলোতে বন্দির সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৩৮৮ জন।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com