নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ৯:০৩ পিএম

বাবাকে হারানোর শোক আর মানসিক কষ্টকে পেছনে ফেলে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষার্থী লিজা আক্তার। একই কলেজের আরেক শিক্ষার্থী রিয়া দাসও পেয়েছেন জিপিএ-৫। তাঁর স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ব্যাংকার হওয়া।
তাঁরা দুজনই আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী। তাঁদের এমন সাফল্যে আনন্দিত কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিজা আক্তার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম শাহেদ ও রোজিনা ইসলাম লিপির মেয়ে। তাঁর স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।
পড়াশোনায় আরও মনোযোগী হতে পরীক্ষার মাত্র দুই মাস আগে কলেজের হোস্টেলে ওঠেন লিজা। নিয়মিত ক্লাস, শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং নিজের অধ্যবসায়ের মধ্য দিয়ে প্রস্তুতি নেন পরীক্ষার। কিন্তু পরীক্ষার কিছুদিন আগে বাবাকে হারিয়ে জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন তিনি। বাবার মৃত্যুশোক বুকে নিয়েই পড়াশোনা চালিয়ে যান। শেষ পর্যন্ত অর্জন করেন কাঙ্ক্ষিত জিপিএ-৫।
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, লিজা অত্যন্ত বিনয়ী, ভদ্র ও নিয়মশৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। তিনি নিয়মিত ক্লাস করতেন এবং শিক্ষকদের নির্দেশনা নিষ্ঠার সঙ্গে অনুসরণ করতেন। কোনো প্রাইভেট না পড়েও নিজের প্রচেষ্টায় এই ফল করেছেন। বাবাকে হারানোর মতো কঠিন পরিস্থিতিতেও তাঁর এই সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রিয়া দাসও জিপিএ-৫ অর্জন করেছেন। তিনি আখাউড়া উপজেলার দরুইন গ্রামের ব্যবসায়ী মনোরঞ্জন দাস ও প্রতিমা রানী দাসের মেয়ে।
রিয়ার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। পড়াশোনা শেষে ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্নও দেখেন এই শিক্ষার্থী।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, লিজা ও রিয়ার সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের। তাঁদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলের জন্য উৎসাহিত করবে। ভবিষ্যতে তাঁরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবেন বলে আশা করেন তিনি।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত