নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ১২:২৫ পিএম

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মিরপুর এলাকায় একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে মিরপুর এলাকায় ইটভাটার সামনে একটি মিনি পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই প্রাণ হারান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানবাহনের জট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের উদ্যোগে যান চলাচল স্বাভাবিক করা হয়।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত