নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৮:২১ পিএম

সুগন্ধি চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে নওগাঁর দুটি বড় রাইস মিলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহম্মেদ।
রুবেল আহম্মেদ জানান, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে সুগন্ধি চাল অবৈধভাবে মজুত করে বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে সুগন্ধি চালের দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়ে গেছে, যা অস্বাভাবিক ও উদ্বেগজনক। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তর মাঠপর্যায়ে অভিযান জোরদার করেছে।
তিনি আরও জানান, বাজারে স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, পুলিশ সদস্য এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত