নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৮:২৪ পিএম

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্য পরিচালনার অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি-সংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কামরুজ্জামান টুকু হলদিবুনিয়া গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।
মোংলা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, কয়েক মাস ধরে একটি চক্র প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে তদবির বাণিজ্য চালিয়ে আসছিল—এমন অভিযোগ পাওয়া যায়। প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি-সংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত