নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৫:০২ পিএম

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সভার শুরুতে জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা খাতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নৌযান শুমারির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি নৌযান খাতের উন্নয়নসংক্রান্ত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করেন।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. ফারুক আহামেদ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা মৎস্যজীবী সমিতি ও নৌযান মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা নৌযান শুমারির গুরুত্ব তুলে ধরে নির্ভুল তথ্য সংগ্রহ এবং শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত