নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ৭:০০ পিএম

দেশের সব রেললাইন পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরের কাজ শেষ হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মো. আফজাল হোসেন বলেন, পঞ্চগড় থেকে আপাতত নতুন একটি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ১৮টি নতুন কোচ আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০০টি কোচ দেশে আসবে। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো কোচগুলোও পরিবর্তন করা হবে। কোচগুলো দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালুর বিষয়ে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। দেশের সব রেললাইন এখনো ব্রডগেজে রূপান্তর করা সম্ভব হয়নি। এই কাজ শেষ হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগের যৌক্তিকতা ও এ পথে যাত্রী চাহিদা রয়েছে কি না, তা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রসঙ্গে রেলওয়ের মহাপরিচালক বলেন, এ বিষয়ে আগে একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে বাংলাবান্ধার ওপারে ভারতের সঙ্গে রেলপথের সংযোগ না থাকায় প্রকল্পটি বাস্তবায়িত হলেও প্রত্যাশিত আঞ্চলিক যোগাযোগ সুবিধা পাওয়া সম্ভব হবে না।
তবে এ বিষয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশ সম্মত হলে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত