গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ৬:০২ পিএম

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা পৌরসভার পুরাতন বাজারের পানপট্টি এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেপ্তার আমিনুল ইসলাম ওরফে রায়হান গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানের সময় স্থানীয় রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম ওরফে রায়হানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেপ্তার আমিনুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com