ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ১১:২২ এএম

ফাইল ছবি
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ অর্জন করেছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধিত ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।
অনলাইনে যেভাবে জানা যাবে ফল
পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এসএমএসে ফল জানার পদ্ধতি
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে ‘DHA’-এর পরিবর্তে নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং ‘123456’-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর বসাতে হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত