ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ১:০৫ পিএম

বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেটের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের অধিকার ও স্বার্থকে প্রাধান্য দিয়েই বিএনপি রাজনীতি করে। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না দলটি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে যারা সস্তা রাজনীতির আশ্রয় নেয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
বিএনপির রাজনৈতিক সততা তুলে ধরে তিনি বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার জন্য প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির দায়িত্বশীল রাজনীতির পরিচয়।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করছেন। নিরাপদ খাবার পানি ও গ্যাস সরবরাহ, প্রাথমিক চিকিৎসাসেবা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।
দিনব্যাপী এ ক্যাম্পে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত