সর্বশেষ
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী শেখ হাসিনা আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে : আইনমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার : আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে যুদ্ধ কি আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্যে? আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার যুদ্ধের চাপ সামলে ইরানের অর্থনীতি কীভাবে টিকে আছে? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ | ১২:৩৬ পিএম

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

পুরোনো ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড সরকার। রবিবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন এই অর্থ দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে। অর্থের অভাবে এতদিন এসব খাতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধতা ছিল।

মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে পালিয়ে আসার প্রায় এক দশক পরও বাংলাদেশে প্রায় ১২ লাখ রাষ্ট্রহীন রোহিঙ্গা বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত হওয়ায় তারা মূলত ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাত্র ২৩ শতাংশ শরণার্থী পরিবার কাজের বিনিময়ে অর্থ পাওয়ার কর্মসূচির মাধ্যমে আয় করতে পেরেছে। ৪২ শতাংশ পরিবারের আয় ছিল অস্থায়ী ও অনিশ্চিত উৎস থেকে। আর ৩৫ শতাংশ পরিবারের কোনো আয়ই ছিল না।
তহবিল সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ এবং ২০২৪ সালের শুরু থেকে আসা প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা। শিবিরে জায়গার অভাবে তাদের অনেকেই এখনো পর্যাপ্ত আশ্রয় পাননি।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গা সংকট এখন একটি নাজুক পর্যায়ে রয়েছে। কমে আসা অর্থায়ন, শিবিরের অবনতিশীল পরিস্থিতি, বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি এবং মিয়ানমারের অস্থিতিশীলতা এ সংকটকে আরও জটিল করেছে। এ অবস্থায় ফিনল্যান্ডের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারি আহমেদ বলেন, ফিনল্যান্ড বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে রয়েছে। শুধু জরুরি সহায়তা নয়, তাদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা ও একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতেও বিনিয়োগ প্রয়োজন।

উল্লেখ্য, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীসহ ১৫ লাখ ৬০ হাজার মানুষের সহায়তায় জাতিসংঘের ২০২৬ সালের পরিকল্পনায় ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে এ তহবিলের ৬০ শতাংশ অর্থায়ন নিশ্চিত হয়েছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com