সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

সুপ্রিম কোর্টের রায়ে বাড়ল ট্রাম্পের নির্বাহী ক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬ | ১০:৩০ এএম

সুপ্রিম কোর্টের রায়ে বাড়ল ট্রাম্পের নির্বাহী ক্ষমতা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষমতা বহাল রেখেছে। তবে একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতা সুরক্ষিত থাকবে বলে পৃথক রায়ে উল্লেখ করেছে আদালত।

৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে আদালতের রক্ষণশীল বিচারপতিরা ডেমোক্রেটিক ফেডারেল ট্রেড কমিশনার রেবেকা স্লটারের করা আপিল খারিজ করেন। রায়ে বলা হয়, অধীনস্থ নির্বাহী কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা রয়েছে।

এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা এবং গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগের উদ্যোগের প্রেক্ষাপটে রায়টি তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকদের ধারণা। রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন।

অন্যদিকে, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে ঘিরে পৃথক মামলায় আদালত ৫-৪ ভোটে ভিন্ন অবস্থান নেয়। রায়ে বলা হয়, প্রেসিডেন্ট যৌক্তিক ও সুনির্দিষ্ট কারণ দেখাতে পারলে ফেড গভর্নরকে অপসারণ করতে পারেন, তবে কোনো কারণ ছাড়াই তা সম্ভব নয়।

আদালত উল্লেখ করে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুদ্রানীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে ফেডের কাঠামোগত স্বাধীনতা কেবল বাস্তবে নয়, দৃশ্যমানভাবেও অক্ষুণ্ন থাকা জরুরি। রায়ে আরও বলা হয়, কুককে আইন অনুযায়ী প্রাপ্য প্রক্রিয়াগত সুরক্ষা দেওয়া হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে যথাযথ জবাব দেওয়ার সুযোগ নিশ্চিত না করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না।

লিসা কুক এক বিবৃতিতে বলেন, এই রায় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে ‘নিশ্চিত ও সুদৃঢ়’ করেছে এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত নীতিনির্ধারণের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, সুদের হার কমানোর প্রশ্নে ট্রাম্প অতীতে ফেডের ওপর প্রকাশ্যে চাপ সৃষ্টি করেছিলেন। কুককে অপসারণের প্রচেষ্টা ফেডের ১১১ বছরের ইতিহাসে নজিরবিহীন বলে বিবেচিত হচ্ছে।

সূত্র : এএফপি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com