নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ৭:২৮ পিএম

নরসিংদীর শিবপুরে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের কৃতি শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
তিনি আরও বলেন, শুধু লেখাপড়ায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মনজুর এলাহী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা জরুরি। সঠিকভাবে গড়ে তুলতে পারলে আজকের এসব মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবিরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ পথচলায় তাদের অনুপ্রেরণা জোগাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে শিবপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে মোট ১৭৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৫৮ জন, বেসরকারি ট্যালেন্টপুলে ১১ জন, সরকারি সাধারণ বৃত্তিতে ৮৮ জন এবং বেসরকারি সাধারণ বৃত্তিতে ১৭ জন শিক্ষার্থী রয়েছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত