সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ প্রতি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল বানাবে ভারত পারস্য উপসাগরে সুপারট্যাংকারের দৈনিক ভাড়া ৫ লাখ ডলার ছাড়াল ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি মেসির গোল, সুলিভানদের লাল কার্ড—তবুও ফিলাডেলফিয়ার কাছে পয়েন্ট হারাল মায়ামি ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার ৭২ বছরের সামরিক জোট ৯০০ কর্মী ছাঁটাইয়ের সেই সিইওর বিরুদ্ধেই কোম্পানির মামলা খাসি না পেয়ে বিয়ে ভেঙেছিলেন, এবার বড় খাসির খদর দিয়েই বিয়ে সেই জাপানপ্রবাসীর

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ অগাস্ট ২০২৬ | ১:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাস থেকে শ্রমিকদের কল্যাণে ব্যয়ের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছে।

এরই জেরে গত মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীদের বিরুদ্ধে কয়েকজন বাস শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বুধবার (১৯ আগস্ট) রাতে পুলিশের তত্ত্বাবধানে দুই শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে বসেন। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি।

এরপর বৃহস্পতিবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করেন। এতে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে সংগঠনটির সদস্যরা পিকেটিং করে যানবাহন চলাচলেও বাধা দেন।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত বলেন, তাদের সংগঠন নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করে। অন্যদিকে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন ট্রাকসহ বাস থেকেও চাঁদা আদায় করছে, যদিও বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি তাদের নেই।

তিনি বলেন, এসব বিষয় নিয়ে দুই সংগঠনের মধ্যে ছয় দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন, দুই সংগঠনের বিরোধ নিরসনে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে। এক ঘণ্টার বেশি সময় আলোচনার পরও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সমঝোতা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বৈঠকে সমঝোতা না হলেও সড়কে কোনো ধরনের চাঁদাবাজি না করতে দুই সংগঠনের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com