ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ অগাস্ট ২০২৬ | ১২:২৮ পিএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (১৯ আগস্ট) দেশটির সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিহত সবাই বাসটির যাত্রী।
দুর্ঘটনাটি পারানা রাজ্যের বিআর-৩৭২ মহাসড়কে ঘটে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করত। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইম্বিতুভা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইম্বিতুভা শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। শহরটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত