নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬ | ১২:০০ পিএম

জাতীয় সংসদে কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ হওয়া নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই শক্তির ঐক্য চাই, সংঘাত নয়। তবে ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনো আপস নয়।’
এ সময় হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি বক্তব্যের জন্য হাসনাতকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ক্ষমা না চাইলে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহত করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে সরকারের সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত