ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১:১২ পিএম

ইরাকের কাছে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক হেলিকপ্টার ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় ইরাককে বেল ৪১২ইপিএক্স ও বেল ৪০৭এম মডেলের সামরিক হেলিকপ্টার সরবরাহ করা হবে। চুক্তির মূল ঠিকাদার হিসেবে কাজ করবে টেক্সাসের ফোর্ট ওয়ার্থভিত্তিক সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন।
বিবৃতিতে বলা হয়, চুক্তিটি বাস্তবায়িত হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার ইরাকের নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সরাসরি সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এটি ওয়াশিংটনের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থকে আরও জোরদার করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, এসব হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ইরাকি বাহিনীর বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াবে। বিশেষ করে দেশটির বিমান বাহিনীর রোটারি-উইং পরিবহন, নজরদারি এবং আকাশ থেকে স্থলভাগে হামলা ও লক্ষ্যবস্তু নির্ধারণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
সূত্র: আল জাজিরা



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত