ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১:২৫ পিএম

নতুন সিনেমা নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জায়েদ খান। ‘ভায়োলেন্স’ নামের নতুন সিনেমায় একসঙ্গে দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। শুটিং শুরুর আগে দুই নায়িকার সঙ্গে ফটোশুটেও অংশ নিয়েছেন জায়েদ খান।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত মহরতে সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মাণ করা হবে বলে জানা গেছে। ‘ভায়োলেন্স’ পরিচালনা করবেন কামাল হোসেন।
নতুন সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’
এর আগে গত ২৭ আগস্ট নিউইয়র্ক থেকে কানাডার অন্টারিওর উদ্দেশে রওনা হন জায়েদ খান। বিজনেস ক্লাসে বসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন তিনি। তবে আবহাওয়াজনিত কারণে শেষ পর্যন্ত উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারেনি। বজ্রপাতের কারণে প্রায় ৯ ঘণ্টা অপেক্ষার পর ফিরে আসতে হয় তাকে। এদিকে কানাডায় তার জন্য অপেক্ষা করছিলেন অধরা খান ও শিরিন শিলা।
জায়েদ খানকে সর্বশেষ দেখা গেছে ‘সোনার চর’ সিনেমায়। ছবিটির পরিচালক, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত