সর্বশেষ

সাভারে একই ঘরে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৮ এএম

সাভারে একই ঘরে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওই কক্ষে থাকা পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্তের পর জানা যাবে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com