নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১:০০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক পর্যায়ের সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। কোনো রোগীকে যেন চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরেও যারা আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না।
তিনি বলেন, সারা দেশে হামের প্রকোপ মোকাবিলায় ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশই টিকা নেননি।
এত আলোচনা ও ক্যাম্পেইনের পরও যারা টিকা নেননি, তাদের জন্যই সরকার এই উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে।
হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত