নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | ১১:৩৪ এএম

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে। চালক ও হেলপারসহ নিহত অন্যরা সবাই পুরুষ।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত