ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | ১১:৫৮ এএম

ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। চোট কাটিয়ে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
শুক্রবার ঘোষিত দলে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। একমাত্র নতুন সংযোজন তাসকিন।
আগামী বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অংশ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
গত আগস্টে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট দলে ছিলেন তাসকিন। দুই ম্যাচের সিরিজে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
অন্যদিকে, চোটে পড়ার আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে এবং উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্স দেখান লিটন। টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করার পাশাপাশি ৯টি ডিসমিসালের রেকর্ড গড়েন এই উইকেটরক্ষক-ব্যাটার।
সৌম্য ও খালেদ সর্বশেষ টেস্টের স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। সৌম্য সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর খালেদের সর্বশেষ টেস্ট ছিল গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।
এদিকে, চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারছেন না গতিময় পেসার নাহিদ রানা। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের সময় সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। পুনর্বাসন চলাকালে সম্প্রতি আবারও অস্বস্তি অনুভব করেন এই পেসার। পিঠে ব্যথার পাশাপাশি নিতম্বের আশপাশে দুর্বলতাও অনুভব করছেন তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো ছন্দে থাকা বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই জয় তুলে নেওয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত