নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | ৫:১৫ পিএম

চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে মানুষ পুলিশকে দুর্বল মনে করে। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এ ছাড়া সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর আওতায় কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে।
আইজিপি আরও বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে সারা দেশে যৌথ অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজি বন্ধে জনগণের অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত