নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | ১০:১৪ এএম

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার আগে কয়েকজন শ্রমিক মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন। পরে কোনো ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে মৌচাক এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা ছাড়া গাজীপুরের অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
পুলিশ সুপার আরও জানান, শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে নতুন করে ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে আগে বন্ধ থাকা কিছু কারখানা পুনরায় চালু হয়েছে। কতটি কারখানা খুলেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি।
এদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে মহাসড়কে নতুন করে অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত