ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | ৯:৫৪ এএম

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধ সমর্থন চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সদস্য দেশগুলোর সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে বক্তব্য দেন হুমায়ুন কবির।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’-এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটি সফর করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত