জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ১১:১৫ এএম

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার

ইরান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া দুই নারী ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ (৩৪) ও ফাতেমেহ পাসানদিদেহ (২২) অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন।

বুধবার কুইন্সল্যান্ডের ব্রিসবেনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

নাগরিকত্ব পাওয়ার পর রামেজানিসাদেহ বলেন, এটি তার জীবনের ‘সত্যিই বিশেষ ও অবিস্মরণীয়’ একটি দিন। পাসানদিদেহ বলেন, এই মুহূর্তের গুরুত্ব ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

চলতি বছরের মার্চে নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া ইরানের জাতীয় দলের সাত সদস্যের মধ্যে ছিলেন এই দুই ফুটবলার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান তারা। এর পরই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া সরকার সাত ফুটবলারকে মানবিক ভিসায় থাকার সুযোগ দেয়। তবে তাদের মধ্যে রামেজানিসাদেহ ও পাসানদিদেহ অস্ট্রেলিয়ায় থেকে আশ্রয়ের আবেদন করেন। বাকি পাঁচজন ইরানে ফিরে যান।

নাগরিকত্ব পাওয়ার পর পাসানদিদেহ বলেন, “এটি আমার জীবনের এক নতুন শুরু এবং এমন একটি দেশ, যাকে আমি গর্বের সঙ্গে নিজের ঘর বলতে পারি।”

রামেজানিসাদেহ বলেন, “আমরা যে অসংখ্য চ্যালেঞ্জের মধ্য দিয়ে এসেছি, তা আজ মনে পড়ছে। অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে আমি গর্বিত এবং গভীরভাবে কৃতজ্ঞ।”

বর্তমানে দুই ফুটবলার অস্ট্রেলিয়ার এ-লিগ উইমেনের ক্লাব ব্রিসবেন রোরের সঙ্গে অনুশীলন করছেন। অস্ট্রেলিয়াতেই পেশাদার ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে অভিবাসন কমাতে অস্ট্রেলিয়া সরকার কঠোরতর ভিসা নীতিমালা চালুর প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে দুই ইরানি ফুটবলারের নাগরিকত্ব লাভকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তাদের অস্ট্রেলিয়ায় আশ্রয় ও নাগরিকত্ব লাভ ইরানের ক্রীড়াঙ্গন, মানবাধিকার ও আন্তর্জাতিক রাজনীতির নানা দিক সামনে এনেছে।

সূত্র: বিবিসি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com