সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০০ পিএম

নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার

সংগৃহীত ছবি

আবারও নিলামে উঠতে যাচ্ছে ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে আলোচিত পোশাকগুলোর একটি—প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’। ঐতিহাসিক এই কালো পোশাকটির দাম নিলামে প্রায় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিস জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত বিশেষ নিলামে তোলা হবে পোশাকটি। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা কাঁধখোলা কালো রেশমের এই পোশাকটি পপ সংস্কৃতি ও ফ্যাশন ইতিহাসের অন্যতম আইকনিক পোশাক হিসেবে বিবেচিত।

১৯৯৪ সালের ২০ নভেম্বরের ঘটনা এটি। সেদিন তৎকালীন ব্রিটিশ যুবরাজ এবং বর্তমানে রাজা তৃতীয় চার্লস এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় কামিলা পার্কার বোলসের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন।

রাজপরিবারকে ঘিরে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই রাতেই লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের এক চ্যারিটি ডিনারে হাজির হন ডায়ানা। রাজকীয় রীতিনীতির তোয়াক্কা না করে তিনি পরেছিলেন কাঁধখোলা কালো পোশাক। সঙ্গে ছিল রাজকীয় গয়না, কালো হিল ও একটি কালো ক্লাচ।

ভিনটেজ জ্যাগুয়ার থেকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে নামার সেই ছবি মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। পরদিন ফ্যাশন ও বিনোদনমাধ্যমগুলো পোশাকটির নাম দেয় ‘রিভেঞ্জ ড্রেস’।

এরপর থেকেই পোশাকটি প্রতিকূল পরিস্থিতিতে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। ফ্যাশন ইতিহাসেও এটি জায়গা করে নেয় অন্যতম স্মরণীয় পোশাক হিসেবে।

সোদেবিসের হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের বিশ্বপ্রধান মরগান হালিমি বলেন, ভাষা যখন ব্যর্থ হয়, তখন ফ্যাশনই ভাষা হয়ে উঠতে পারে। ডায়ানা এই বিষয়টি অসাধারণভাবে বুঝতেন। তাঁর মতে, রাজপরিবারের তীব্র মানসিক চাপ ও কঠোর নজরদারির মধ্যেও এই পোশাকের মাধ্যমে ডায়ানা নিজের জীবনের গল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিলেন।

সোদেবিস জানিয়েছে, ১৯৯৭ সালে ডায়ানা ক্যান্সার ও এইডস আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য তাঁর ৭৯টি বিলাসবহুল গাউন নিলামে তুলেছিলেন। সেই নিলামেই ‘রিভেঞ্জ ড্রেস’টিও বিক্রি হয়।

ডায়ানার মৃত্যুর মাত্র দুই মাস আগে শেষবারের মতো নিলামে ওঠা পোশাকটি এরপর প্রায় তিন দশক জনসাধারণের আড়ালে ছিল। এবার আবারও আন্তর্জাতিক নিলামের মঞ্চে ফিরছে সেই ঐতিহাসিক পোশাক, যা ডায়ানার জীবনের এক আলোচিত অধ্যায়ের স্মারক হয়ে আছে।

সূত্র: বিবিসি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com