নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | ১২:৪৪ এএম

গাজীপুরের রাজেন্দ্রপুরের সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পড়ে থাকা হাতবোমার বিস্ফোরণে এক ব্যবসায়ীর চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম নূর মোহাম্মদ (৪৫)। তিনি ওই এলাকার আসবাবপত্র ব্যবসায়ী। বিস্ফোরণে তাঁর হাত গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নূর মডেল স্কুলের সামনে ময়লার স্তূপের পাশে যান নূর মোহাম্মদ। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো বিস্ফোরকসদৃশ একটি বস্তু দেখতে পান তিনি। বস্তুটি চিনতে না পেরে হাতে তুলে নেন। পরে আশপাশের লোকজনকে দেখানোর একপর্যায়ে সেটির সেফটি পিন খুলে ফেললে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর এক হাত গুরুতর জখম হয় এবং চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেটি তুলে পিন খুলে ফেললে বিস্ফোরণ ঘটে। এতে নূর মোহাম্মদের হাতের তালু ও আঙুল জখম হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত