ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | ১১:০৬ এএম

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক উঠে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, ছিনোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ভারী ট্রাক ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে সড়কে থাকা ভক্তদের চাপা দেয়। পরে ট্রাকটি শীতলা মাতা মন্দিরের মূল ফটক ও প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবরাত্রি উপলক্ষে ওই এলাকায় বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা সামান্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত