ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | ৭:০৪ পিএম

জ্বালানি সংকট মোকাবিলা ও গ্যাস সরবরাহ বাড়াতে দেশে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) চালুর পরিকল্পনা করছে সরকার। এসব প্রকল্পে যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘সাসটেইনেবল পাওয়ার অ্যান্ড এনার্জি: ড্রাইভিং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। চুক্তিভিত্তিক অনুসন্ধানের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, দেশে ১৫০টি কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। গ্যাসের সংকট নিরসনে নতুন তিন থেকে চারটি এফএসআরইউ চালুর পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পে দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হচ্ছেন।
নতুন জ্বালানি অবকাঠামো নির্মাণের পরিকল্পনার বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মাতারবাড়ীর পাশাপাশি খুলনার কাছেও ২০ মিটার ড্রাফটের একটি নতুন স্থান চিহ্নিত করা হয়েছে।
সেখানে বড় জাহাজ থেকে সরাসরি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসের সুবিধাসম্পন্ন আধুনিক টার্মিনাল নির্মাণ করা হবে। এ অবকাঠামোকে কেন্দ্র করে একটি জ্বালানি হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত