ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ৯:১৫ পিএম

ফাইল ছবি
নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘বাজে’ আখ্যা দিয়ে নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে দেখতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মিশিগানের পোর্ট হিউরন শহরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘সত্যি বলতে, নরওয়ে একটা বাজে দেশ। আসলে নরওয়ে একটা জঘন্য দেশে পরিণত হয়েছে।’
ট্রাম্প আরও বলেন, নির্দিষ্ট কিছু দেশ থেকে অভিবাসীদের স্বাগত জানালেও নরওয়ের ক্ষেত্রে তিনি তা চান না। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি নোবেল পুরস্কার পাইনি। তাই নরওয়ে থেকে কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না।’
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহের কথা বলে আসছেন।
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার ঘোষণাকে কেন্দ্র করে ট্রাম্পের অসন্তোষ আরও প্রকাশ্যে আসে। পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক ও অপমানজনক’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, বিশ্বশান্তিতে অবদানের জন্য পুরস্কারটি তাঁরই প্রাপ্য ছিল। এ ক্ষোভ থেকেই নরওয়ের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নরওয়ের নাগরিকদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, তা জানা যায়নি।
এদিকে ট্রাম্পের মন্তব্যের জবাবে সোমবার প্রতিক্রিয়া জানিয়েছে নরওয়ে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্থ ইদে জাতীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। এ বিষয়ে নরওয়ে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারে না।
তিনি বলেন, ট্রাম্প ভালো করেই জানেন যে নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। তারপরও তাঁকে বিষয়টি আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
এর আগেও বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। ২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে হাইতি ও আফ্রিকার কয়েকটি দেশ সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করে বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি।
সূত্র: এএফপি



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত