সর্বশেষ
সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী রোগী ছাড়াই অ্যাম্বুলেন্সে বহন হচ্ছিল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২ ২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, ইউপি সদস্যের জিপিএ ৪.৪৬ হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সড়ক নির্মাণশ্রমিকের নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, দুর্ভোগে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, ইউপি সদস্যের জিপিএ ৪.৪৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ১২:৩৭ পিএম

২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, ইউপি সদস্যের জিপিএ ৪.৪৬

বয়স যে শিক্ষার পথে কোনো বাধা নয়, তা আবারও প্রমাণ করলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম। দীর্ঘ ২৭ বছর পড়াশোনার বাইরে থাকার পর ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৪৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দ ও প্রশংসার।

আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর জীবন-জীবিকার তাগিদে আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি তাঁর।

তবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার গুরুত্ব নতুন করে উপলব্ধি করেন আমিনুল। নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর ইচ্ছা থেকেই দীর্ঘ বিরতি ভেঙে আবারও শিক্ষাজীবনে ফেরার সিদ্ধান্ত নেন। ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন তিনি।

সংসার, ব্যক্তিগত কাজ এবং জনপ্রতিনিধির দায়িত্ব—সবকিছু সামলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। দিনের ব্যস্ততা শেষে রাতের অবসর সময়টুকু কাজে লাগিয়ে প্রস্তুতি নেন পরীক্ষার। অবশেষে শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৪৬ অর্জন করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন তিনি।

রোববার (১ নভেম্বর) নিজের অনুভূতি জানাতে গিয়ে আমিনুল ইসলাম বলেন, সারা দিনের ব্যস্ততা শেষে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতেন তিনি। শিক্ষার কোনো বয়স নেই। যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁর এই অর্জন দেখে তাঁরা নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন বলে আশা করেন।

তিনি বলেন, “জনসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।” ভবিষ্যতে সুযোগ পেলে স্নাতক পর্যায়েও ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তিনি।

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের ব্যক্তিগত অর্জন নয়, পুরো ইউনিয়ন পরিষদের জন্যই গর্বের বিষয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। ৪৭ বছর বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করা বর্তমান সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com