নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ১২:৩৩ পিএম

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের দাবিতে রোববার সকালে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিক্ষোভকালে তারা ব্যানার ও বিভিন্ন স্লোগান নিয়ে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হন। দীর্ঘদিন ধরে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। শনিবার রাতে সড়ক পার হতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আর কোনো প্রাণহানি ঠেকাতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত