ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৪:৩৩ পিএম

বলিউড অভিনেত্রী শেহনাজ গিলের শুটিং সেটে হঠাৎ ঘটে গেল অস্বস্তিকর এক ঘটনা। শট দেওয়ার সময় আচমকাই তাঁর নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায়। বিষয়টি বুঝে ওঠার আগেই সেটি গিলে ফেলেন অভিনেত্রী। এতে মুহূর্তেই শুটিং সেটে তৈরি হয় উদ্বেগের পরিস্থিতি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ নিজেই। ভিডিওতে দেখা যায়, দৌড়ে একটি দৃশ্যের শট দিতে যাওয়ার সময় হঠাৎ তাঁর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। এরপর তাঁকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।
বিষয়টি বুঝতে পেরে দ্রুত শেহনাজের কাছে ছুটে আসেন তাঁর সহ-অভিনেতা সৌরভ সচদেবা। সেটের অন্য সদস্যরাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। ভিডিওতে সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়।
হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভয় পেয়ে যান অভিনেত্রী। নথটি গিলে ফেলার পর তিনি অস্বস্তি অনুভব করলেও পরিস্থিতি সামলে নেন। এমনকি শুটিংও বন্ধ রাখেননি। অস্বস্তির মধ্যেই কাজ চালিয়ে যান শেহনাজ।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই কাজের প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেছেন। তবে কেউ কেউ এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কাজের চেয়ে নিজের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
শেহনাজ গিলকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ সিনেমায়। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: এনডিটিভি



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত